JUST A MOMENT
JUST A MOMENT
GOOD THINGS FOR GOOD BATPARS
আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করি না, একটা শপিং এক্সপেরিয়েন্স দিতে চাই।
বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে এসেছি ফোন দিয়ে নিজের গায়ে পোশাক দেখে কেনার ভার্চুয়াল ট্রাই-অন সুবিধা। পছন্দের পোশাক নিজের গায়ে কেমন দেখাতে পারে, সেটা দেখুন, নিজের স্টাইল খুঁজুন, তারপর বেছে নিন। এই আবিষ্কারের আনন্দ থেকে পার্সেল খোলার হাসি—সব মিলিয়েই বাটপার স্টোরের শপিং এক্সপেরিয়েন্স।
এখানে শুধু ছবি দেখে “মনে হয় মানাবে” বলে ভাগ্যের ওপর অর্ডার ছেড়ে দিতে হবে না। ফোন ব্যবহার করেই পোশাকটা নিজের গায়ে কেমন দেখাতে পারে, তার একটা ধারণা নিতে পারবেন।
এত দিন পোশাকের ছবি বন্ধুকে পাঠিয়ে বলতেন—
—দোস্ত, আমারে মানাবে? —আগে ট্রিট দে, তারপর বলি।
এবার বন্ধুর পরামর্শের আগেই নিজে একটু দেখে নিতে পারবেন। বন্ধুর ট্রিট অবশ্য এতে বাতিল হবে কি না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার!
আর হ্যাঁ, ভার্চুয়াল ট্রাই-অন আপনাকে দেখতে সাহায্য করবে; সঠিক ফিট বেছে নিতে সাইজ চার্ট আর পণ্যের বিবরণও দেখে নেবেন। ফোন যতই স্মার্ট হোক, এখনো ফিতা হাতে মাপ নিতে আসে না।
আমাদের কাছে অনলাইন কেনাকাটা মানে শুধু পণ্য পছন্দ করা, টাকা দেওয়া আর পার্সেলের অপেক্ষায় থাকা নয়। ওয়েবসাইটে স্বচ্ছন্দে ঘুরে দেখা, মিম দেখে একটু হাসা, নিজের জন্য মানানসই কিছু খুঁজে পাওয়া, পরিষ্কার তথ্য পেয়ে সিদ্ধান্ত নেওয়া—প্রতিটা মুহূর্তই এই অভিজ্ঞতার অংশ।
আমরা চাই, পণ্য হাতে পেয়ে আপনি বলুন, “জিনিসটাও ভালো লাগছে, কেনাকাটাটাও জমছে!”
বাটপার স্টোর শুধু একটা স্টোর না। এটা নিজের মতো থাকার একটা দুনিয়া।
এখন প্রশ্ন হলো, এত সুন্দর অভিজ্ঞতা দেওয়ার ইচ্ছা নিয়ে দোকানের নাম “বাটপার” রাখলাম কেন?
চা থাকলে হাতে নেন। গল্পটা একটু খুলেই বলি।
চাইলে আমরাও একটা ইংরেজি নাম রাখতে পারতাম। নামের শেষে “লাইফস্টাইল”, নিচে ছোট করে একটা ভাবগম্ভীর স্লোগান। নামের অর্থ কেউ না বুঝলেও দেখতে বেশ দামি লাগত।
কিন্তু নাম ভাবতে গিয়ে আমরা নিজেদের দিকেই তাকালাম।
তারপর মনে হলো—
“আচ্ছা, আমরা নিজেরা কতটুকু সাধু?”
ধরেন, সকাল নয়টায় আপনার বন্ধুর সঙ্গে দেখা করার কথা।
নয়টা বেজে দশ মিনিটে বন্ধু ফোন দিল।
—কই তুই? —এই তো দোস্ত, রাস্তায়। প্রায় চলে আসছি।
অথচ আপনি তখনো বিছানায়। এক চোখ খোলা, আরেক চোখ ঘুমের সঙ্গে শেষ দফা আলোচনা চালাচ্ছে।
কোন রাস্তায় আছেন, সেটা অবশ্য বলেননি। স্বপ্নের রাস্তাও তো রাস্তা।
কিছুক্ষণ পর আবার ফোন।
—আর কতক্ষণ? —পাঁচ মিনিট!
বাংলাদেশের এই “পাঁচ মিনিট” এক রহস্যময় সময়ের হিসাব। এর মধ্যে মানুষ গোসল করে, নাশতা খায়, জামা ইস্ত্রি করে—তারপরও বলে, “এই তো, বের হচ্ছি!”
বের হওয়ার সময় আম্মু বললেন, “ঘরটা গুছিয়ে যা।”
আপনি বললেন, “এসে করব।”
চেয়ারের ওপর জমে থাকা কাপড়ও জানে, এই প্রতিশ্রুতির ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল না।
রাস্তায় চিপস খেয়ে প্যাকেটটা ফেলে দিলেন।
“আমার একটা প্যাকেটে কী আর হবে!”
আপনার আগের লোকটাও একই কথা ভেবেছিল। তার আগের লোকটাও। সবার এই অসাধারণ যুক্তির ফলেই রাস্তার কোণে ময়লার পাহাড়টা দাঁড়িয়ে আছে।
তারপর লাইনে পরিচিত একজনকে দেখে সামনে গিয়ে দাঁড়ালেন।
“ভাই, আমার কাজটা মাত্র দুই মিনিটের।”
পেছনের মানুষগুলোরও কাজ আছে, সময় আছে। কিন্তু নিজের তাড়া থাকলে অন্যের ঘড়িটা আমাদের চোখে একটু কমই পড়ে।
কখনো ফুটপাত আটকে রাখি, সুযোগ পেলে উল্টো পথে ঢুকে পড়ি, যেখানে-সেখানে থুতু ফেলি। তারপর বাসায় ফিরে গম্ভীর মুখে বলি—
“এই দেশে কেউ নিয়ম মানে না!”
কাজের মেসেজের উত্তর দিইনি, কারণ “নেট ছিল না”। অথচ ওই সময়েই তিনটা মিম শেয়ার করেছি, দুইটা রিলে কমেন্ট করেছি।
বন্ধুর টাকা ফেরত দেওয়ার কথা ছিল গত সপ্তাহে। ফোন আসতেই বলি—
“দোস্ত, তোর কথাই ভাবতেছিলাম!”
সত্যিই ভাবছিলাম। ফোনটা কীভাবে এড়িয়ে যাওয়া যায়, সেই কথাই।
সব ভুল সমান নয়, সবাইও একরকম নন। কিন্তু নিজের সুবিধার জন্য ছোট একটা মিথ্যা বলা, নিয়ম একটু বাঁকানো, ভুলের পক্ষে অজুহাত খুঁজে নেওয়া—এসব আমাদের অনেকেরই চেনা।
অন্যের বেলায় যেটা অনিয়ম, নিজের বেলায় সেটার নাম হয়ে যায়—
“আরে ভাই, আমার পরিস্থিতিটা আলাদা!”
নিজেদের এই চেনা স্বভাবকে একটু খোঁচা দেওয়া থেকেই বাটপার স্টোর নামটা।
কাউকে ছোট করতে নয়। নিজেদের খুব সাধু সাজাতেও নয়। নিজের দিকে তাকিয়ে একটু হাসতে, আর হাসির ফাঁকে ভাবতে—কিছু অভ্যাস বদলানো যায় কি না।
এখানে চরিত্র অনেক। ঘটনাও কম না।
একজন ক্রেতা শখ করে একটা পোশাক অর্ডার করলেন। ছবিতে এত সুন্দর লাগছিল যে মনে মনে পরের দাওয়াতের সাজও ঠিক করে ফেলেছেন।
পার্সেল এল।
খুলে দেখলেন, ছবির সঙ্গে পণ্যের সম্পর্ক দূরসম্পর্কের আত্মীয়ের মতো। কোথাও একটা মিল আছে, কিন্তু খুঁজতে সময় লাগবে।
বিক্রেতাকে বলতেই উত্তর—
“ভাই, লাইটিংয়ের জন্য একটু আলাদা লাগছে।”
ছবিতে গাঢ় নীল, হাতে এসেছে অদ্ভুত এক রং। এই লাইটিং কোথায় পাওয়া যায়, সেটা আলাদা রহস্য।
কখনো “প্রিমিয়াম কোয়ালিটি” দেখে অর্ডার দিয়ে বোঝা যায়, প্রিমিয়াম ছিল মূলত ক্যাপশনটা। কখনো অযৌক্তিক দাম, কখনো খারাপ পণ্য। আবার কিছু ঘটনায় টাকা পাঠানোর পর দোকানের আর খবরই পাওয়া যায় না।
“ভাই, আছেন?” মেসেজটা পড়ে থাকে। উত্তর আসে না।
এবার বিক্রেতার পাশের চেয়ারে বসেন।
ক্রেতা বললেন, “ভালো কোয়ালিটি চাই, দামটা আরও কমান, ডেলিভারি ফ্রি করেন। সঙ্গে গিফট আছে?”
ভালো দামে ভালো পণ্য সবাই চান। কিন্তু সব ছাড় একসঙ্গে দিতে গেলে হিসাবের খাতাটাও একসময় বলে, “ভাই, আমার কথাও একটু শোনেন!”
অর্ডার কনফার্ম হলো, প্যাক হলো, কুরিয়ারে গেল।
ডেলিভারির দিন ফোন বন্ধ।
পরদিন উত্তর—
“এখন আর লাগবে না।”
ওদিকে পার্সেল জেলা ঘুরে জেলা পেরিয়ে ফিরছে। ক্রেতার সঙ্গে দেখা হলো না, তবে পণ্যটার দেশভ্রমণ হয়ে গেল।
অবশ্য পণ্যে সমস্যা থাকলে ফেরত দেওয়া বা যুক্তিসংগত কারণে অর্ডার বাতিল করা স্বাভাবিক। ঝামেলাটা হয় যখন কোনো খবর না দিয়ে সবাইকে অপেক্ষায় রাখা হয়।
ডেলিভারির গল্পেও কখনো দেরি, কখনো অবহেলায় পণ্যের ক্ষতি। “আজ আসবে” শুনে দরজার শব্দে এতবার উঠে গেছেন যে দিনের হাঁটাহাঁটির লক্ষ্য পূরণ হয়ে গেছে।
কখনো প্যাকেটের অবস্থা দেখে মনে হয়, আপনার বাসায় আসার আগে দুটো অ্যাকশন দৃশ্যে অভিনয় করে এসেছে।
অবশ্যই সব বিক্রেতা, ক্রেতা বা ডেলিভারি প্রতিষ্ঠান এমন নয়। অনেক মানুষ প্রতিদিন সততা ও দায়িত্ব নিয়ে কাজ করছেন। তাঁদের জন্যই অনলাইন কেনাকাটায় ভরসা টিকে আছে।
তবু কিছু মানুষের অনিয়মে ঝামেলাটা হয় সবার। ক্রেতা সন্দেহ করেন বিক্রেতাকে, বিক্রেতা ভয় পান অর্ডার নিতে। কেনাকাটার আনন্দের জায়গায় ঢুকে পড়ে দুশ্চিন্তা।
আমরা এই জায়গাটাতেই একটা ভালো অভিজ্ঞতা তৈরি করতে চাই।
ধরেন, একটু অবসরে বাটপার স্টোরে ঢুকলেন। কিছু কিনতেই হবে, এমন কোনো পরিকল্পনা নেই।
ঘুরে দেখলেন। একটা মিমে হাসলেন। একটা পোশাক চোখে পড়ল।
সেটার ছবি, দাম, সাইজ আর বিবরণ দেখলেন। ভার্চুয়াল ট্রাই-অন করে নিজের গায়ে কেমন দেখাতে পারে, তার একটা ধারণাও নিলেন।
কোনো প্রশ্ন থাকলে পরিষ্কার উত্তর পেলেন। নিজের প্রয়োজন আর পছন্দের সঙ্গে মিলিয়ে সিদ্ধান্ত নিলেন।
তারপর অর্ডার, অপেক্ষা, হাতে পাওয়া। পার্সেল খুলে দেখলেন, যা বুঝে কিনেছিলেন, তার সঙ্গে পণ্যের মিল আছে।
এই পুরো যাত্রাটাই আমাদের কাছে শপিং এক্সপেরিয়েন্স।
ওয়েবসাইট দেখতে সুন্দর হলেই কাজ শেষ হয় না। পণ্য খুঁজে পাওয়া কঠিন হলে, বিবরণ বুঝতে না পারলে কিংবা অর্ডারের পর খবর না পেলে সেই সৌন্দর্য দিয়ে মন ভরে না।
তাই আমাদের চেষ্টা—ঘুরে দেখা থেকে হাতে পাওয়া পর্যন্ত প্রতিটা ধাপ যতটা সম্ভব সহজ, আনন্দের আর ভরসার করা।
আমরা চাই, এখানে সময় কাটিয়ে আপনার ভালো লাগুক। কেনার সিদ্ধান্তটা বুঝেশুনে নিতে পারেন। আর পণ্য হাতে পেয়ে মনে হয়—
“ঠিক এই জিনিসটাই চেয়েছিলাম!”
একটা পোশাক কখনো বন্ধুদের সঙ্গে আড্ডায় যাওয়ার আনন্দ। কখনো নতুন কোথাও যাওয়ার আত্মবিশ্বাস। কখনো কোনো উপলক্ষ ছাড়াই নিজের জন্য ছোট্ট একটা উপহার।
সব কেনাকাটার পেছনে বড় কারণ লাগে না।
“আমার ভালো লাগছে”—এটাও যথেষ্ট।
আমরা চাই, এখানে নিজের পছন্দ নিয়ে স্বচ্ছন্দ থাকুন। সিম্পল ভালো লাগলে সিম্পল, রঙিন ভালো লাগলে রঙিন। আজ একরকম, কাল আরেকরকম হলেও সমস্যা নেই।
আপনার আলমারির ভোটে তো সরকার গঠন হচ্ছে না!
সব সময় অন্যের মতো সাজতে হবে না। প্রতিটা পছন্দের ব্যাখ্যাও দিতে হবে না। যে পোশাকে নিজেকে নিজের মতো লাগে, সেটাই আপনার স্টাইলের একটা অংশ।
বাটপার স্টোরের ভাবটা তাই একটু আড্ডার মতো। প্রোডাক্ট থাকবে, মিম থাকবে, নিজেদের নিয়ে হাসাহাসি থাকবে। ব্যস্ত দিনের মাঝেও একটু হালকা হওয়ার জায়গা থাকবে।
কেনাকাটা করতে এসে হাসলেন—ভালো।
মিম দেখতে এসে পছন্দের কিছু পেলেন—সেটাও ভালো।
শুধু কার্ট ভরে গেলে সব দোষ মিমের ওপর দিয়েন না। “অর্ডার করুন” বাটনটা কিন্তু নিজে নিজে চাপেনি।
আমরা জানি, নিজের পছন্দের কিছু কেনার সময় বাজেটের হিসাবও মাথায় থাকে।
মাসের শুরুতে যে জিনিস দেখে বলেন, “নিয়ে ফেলি”, মাসের শেষে সেটাই দেখে বলেন, “মানুষের আসলে এত কিছু লাগে না।”
তাই আমাদের চেষ্টা, সাধ্যমতো কম দামে ভালো ও অরিজিনাল প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেওয়া।
দাম, মান আর ব্যবহার—সব মিলিয়ে যেন কেনাকাটাটা আপনার কাছে সার্থক মনে হয়। শুধু ছাড়ের অঙ্ক দেখে নয়, পণ্যটা বুঝে যেন সিদ্ধান্ত নিতে পারেন।
সবার বাজেট এক নয়, পছন্দও এক নয়। সেই পার্থক্যটাকে সম্মান করেই আমরা আমাদের কালেকশন ও অভিজ্ঞতা গড়ে তুলতে চাই।
নামের মধ্যে “বাটপার” আছে বলে প্রশ্ন আসবেই—
“আপনাদের বিশ্বাস করব কীভাবে?”
প্রশ্নটা ঠিকই আছে।
সুন্দর একটা About Us পড়ে ভরসা তৈরি হয়ে যায় না। ভরসা তৈরি হয় কথা আর কাজের মিল থেকে। পণ্যের তথ্য কতটা পরিষ্কার, প্রশ্নের উত্তর কীভাবে দেওয়া হয়, অর্ডারের যত্ন কতটা নেওয়া হয়—এসব থেকেই আপনি আমাদের চিনবেন।
আমরা নিখুঁত হওয়ার দাবি করছি না। ভুল হতে পারে। কিন্তু ভুল হলে আপনার কথা শোনা, দায় স্বীকার করা আর সমাধানের চেষ্টা করাও আমাদের কাজের অংশ।
“দেখছি ভাই” বলে কথাটা অনন্তকাল ঝুলিয়ে রাখলে সমস্যার বয়স বাড়ে, সমাধান হয় না।
আপনার সময়ের মূল্য আছে। কষ্ট করে উপার্জন করা টাকার মূল্য আছে। একটা পণ্য অর্ডার করার সঙ্গে যে প্রত্যাশা আসে, সেটারও মূল্য আছে।
সেই মূল্যটা বুঝেই আমরা কাজ করতে চাই।
এই লেখাটা আমাদের পরিচয়। বাকিটা আমাদের কাজ দিয়ে বোঝাতে হবে।
এখানে ঘুরে দেখেন, হাসেন, নিজের পছন্দ খুঁজে নেন। ভালো লাগলে কিনবেন। শুধু দেখতে এসেও স্বাগত।
দোকানে ঢুকেই পেছনে পেছনে “কী লাগবে ভাই?” বলে হাঁটব না। আরামে দেখেন। পছন্দের পোশাক নিজের গায়ে কল্পনা করেন, ভার্চুয়াল ট্রাই-অন করে দেখেন, নিজের মতো সিদ্ধান্ত নেন।
আমরা চাই, বাটপার স্টোরে কাটানো সময়টা উপভোগ করুন। আর কিছু কিনলে, পার্সেল খোলার পরও ভালো লাগাটা থাকুক।
কারণ আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করি না—এমন একটা শপিং এক্সপেরিয়েন্স দিতে চাই, যেটা উপভোগ করবেন এবং আবার ফিরে আসতে ইচ্ছা করবে।
বাটপার স্টোর শুধু একটা স্টোর না। এটা নিজের মতো থাকার একটা দুনিয়া।
আর বন্ধুকে “পাঁচ মিনিটে আসছি” বলার আগে অন্তত বিছানা থেকে উঠেন। পরিবর্তন ছোট জায়গা থেকেই শুরু হোক!